প্রকাশিত: Mon, May 8, 2023 6:08 AM
আপডেট: Thu, Mar 12, 2026 11:04 PM

রবীন্দ্রসংগীতশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কলিম শরাফীর জন্মদিন

আশিক নূরী : [১] কলিম শরাফী ছিলেন বাংলাদেশের একজন স্বনামধন্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তার পূর্ণ নাম মাখদুমজাদা শাহ সৈয়দ কলিম আহমেদ শরাফী। দেশাত্মবোধক গানের ক্ষেত্রেও তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এর বাইরে তিনি ছয় দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছিলেন। [২] কলিম শরাফী ৮ মে ১৯২৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ি সদর মহকুমার অন্তর্গত খয়রাদিহি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সামি আহমেদ শরাফী ও মাতার নাম আলিয়া বেগম। কলিম কলকাতার বিখ্যাত সঙ্গীত বিদ্যালয় ‘দক্ষিণী’ থেকে ১৯৪৬-১৯৫০ পর্যন্ত সঙ্গীত শিক্ষা লাভ করেন। [৩] কলিম শরাফী ১৯৬২ সালে ‘সোনার কাজল’ চলচ্চিত্রে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। 

সেখানে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান। ‘সূর্যস্নান’ ছবিতে ‘পথে পথে দিলাম ছড়াইয়া রে’ গানটি গেয়ে তিনি শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা পান। [৪] সুদীর্ঘ সাংস্কৃতিক জীবনে কলিম শরাফীর ৫টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। সেগুলো হলো: ‘এই কথাটি মনে’, ‘আমি যখন তার’, ‘কলিম শরাফীর যত’, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের গান’ ও ‘নবজীবনের গান’। [৫] সঙ্গীত শিল্পে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব কলিম শরাফী একুশে পদক (১৯৮৫), স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৯৯), নাসিরউদ্দিন স্বর্ণ পদক (১৯৮৮), বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুব উল্লাহ স্বর্ণ পদক (১৯৮৭) অর্জন করেন। স্বনামধন্য এ রবীন্দ্র সঙ্গীত শিল্পী ২ নভেম্বর ২০১০ সালে মারা যান।